Skip to main content

Ridge Bangla

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে জোর প্রস্তুতি, সমন্বিত উদ্যোগের নির্দেশ

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর এবং প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, অবৈধ স্থাপনা অপসারণ, যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি সমন্বিতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদেশে একযোগে শুরু হতে যাওয়া এই জাতীয় আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিমানবন্দর থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পর্যন্ত প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিমানবন্দর সড়কের প্রয়োজনীয় সংস্কারকাজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্পন্ন করছে। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশমুখসহ বিভিন্ন স্থানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের করণীয় কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, লালখান বাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ফুলের গাছ রোপণ ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্টিল স্ট্রাকচার এবং অন্যান্য অবকাঠামো অপসারণ বা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যানজট নিরসন ও নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সড়কের ওপর গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারণ না হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে মেয়র বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীন ৭৮টি স্কুল, ২৮টি কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় কলেজের উপযুক্ত বয়সী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। তাই প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের মাধ্যমে চট্টগ্রামে ক্রীড়ার পরিবেশ আরও শক্তিশালী করতে হবে।

সভায় উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা, সড়ক ব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা অপসারণ, নিরাপত্তা, শিক্ষার্থীদের অংশগ্রহণ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভা শেষে মেয়র জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, শিক্ষা বিভাগ, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করেন।

This post was viewed: 11

আরো পড়ুন