ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।
নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সাধারণত জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করিয়ে থাকেন। তবে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সংবিধান অনুযায়ী এবার প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ গ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। এছাড়া দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা থাকায় এ দিন মোট ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হলো। পর্যায়ক্রমে বাকি আসনগুলোর সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।