Skip to main content

Ridge Bangla

প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম নিউইয়র্ক সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সফরকালে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠকে মিলিত হবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে ৪ থেকে ৫ দিন অবস্থান করবেন। ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।

৮১তম অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, পারস্পরিক আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তোলা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ প্রতিপাদ্যকে বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার আহ্বান হিসেবে উল্লেখ করেছেন।

অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান ৬টি অগ্রাধিকার নির্ধারণ করেছেন। এগুলো হলো শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গতি বৃদ্ধি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষা, মানবাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তির শাসনব্যবস্থা এবং জাতিসংঘ সংস্কার। বিশেষ করে শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিরোধমূলক কূটনীতি, শান্তি প্রতিষ্ঠা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ ছাড়া উন্নয়ন অর্থায়নের ঘাটতি কমানো, বৈশ্বিক ডিজিটাল কমপ্যাক্ট বাস্তবায়ন এবং জাতিসংঘকে আরও কার্যকর করার বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে। অধিবেশন শুরু হওয়ার পর ২২ সেপ্টেম্বর থেকে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।

জাতিসংঘের নির্ধারিত সূচি অনুযায়ী, সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর। এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন এবং নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরবেন।

এই অধিবেশনে যুদ্ধ ও সংঘাত, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় আলোচনায় আসবে। ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্বে সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় ফোরাম, যেখানে শান্তি, নিরাপত্তা, উন্নয়ন, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনসংক্রান্ত বিষয়ে বৈশ্বিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে।

This post was viewed: 19

আরো পড়ুন