প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা ও অবাধ চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবার মানোন্নয়নে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি ভবন, হাসপাতাল, রেস্টুরেন্টসহ সব স্থাপনায় হুইলচেয়ার ব্যবহারকারীদের উপযোগী অবকাঠামো ও টয়লেট সুবিধা রাখতে হবে। পাশাপাশি কক্ষের দরজা ও প্রবেশপথ এমনভাবে নির্মাণের নির্দেশ দেন, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সহজে চলাচল করতে পারেন।
তিনি নারীদের জন্য চালুর পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাসেও প্রতিবন্ধীবান্ধব সুবিধা রাখার নির্দেশ দেন। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে ১০ জেলার ১০টি উপজেলায় ‘শিশু স্বর্গ’ প্রকল্প চালু করা হবে। এ প্রকল্পের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে।