Skip to main content

Ridge Bangla

প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু, ক্ষোভে অভিযুক্তের বাড়িতে আগুন

রাজশাহীর পবা উপজেলায় প্রতিপক্ষের হামলায় ফরিদা পারভীন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ফরিদা পারভীনের মৃত্যু হয়।

নিহত ফরিদা পারভীন পবা উপজেলার হরিয়ান এলাকার লালন শেখের স্ত্রী। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লালন শেখ হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। হামলার সময় ফরিদাকে রক্ষা করতে গিয়ে তাদের ছেলে মো. ফয়সালও আহত হয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার হরিয়ান এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ফরিদা পারভীন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু বলেন, স্থানীয়ভাবে জানতে পেরেছেন, লালন শেখের প্রতিবেশী বাবুর ছেলে মো. পরশ (১৮) ফরিদা পারভীনকে ছুরিকাঘাত করেছেন। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী বাবুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে এর আগেই অভিযুক্তের পরিবারের সদস্যরা সেখান থেকে চলে যান। কী কারণে এ ঘটনার সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের লিডার ইকরামূল হক জানান, রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে স্থানীয়দের বাধার মুখে তারা আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি। ফায়ার সার্ভিসের সদস্যরা হরিয়ানের তেতুলতলা এলাকায় অবস্থান করছেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, মারামারির ঘটনায় ফরিদা পারভীন নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

This post was viewed: 1

আরো পড়ুন