শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।
রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে এ নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ নভেম্বর একই আদালতে মামলাটি করেন ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নির্বাচন করেন তানজিন তিশা। গত ১৮ জানুয়ারি শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।
শর্ত অনুযায়ী, শাড়িটি পরে পেজটির প্রচার করবেন বলে ভয়েস ও টেক্সট মেসেজে আশ্বস্ত করেছিলেন অভিনেত্রী।
অভিযোগে বলা হয়, ১০ মাস পার হলেও তানজিন তিশা পেজটির প্রচার করেননি। একই সঙ্গে গত ৬ মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগও রাখেননি। এর মাধ্যমে তিনি প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি গোয়েন্দা পুলিশের জমা দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।
আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো ধরনের সাড়া না পাওয়ার কারণে ২০২৫ সালের নভেম্বর মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী ডিবি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। এতে অভিযোগের ব্যাপারে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।