উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে ৩টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। এই অপরাধের দায়ে আর এস ইন্টারন্যাশনাল, জাবাল-ই-নূর এবং টিএস ওভারসিস লিমিটেড নামক তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
ইতিমধ্যে রাশিয়ায় আটকে পড়া ওই ৩০ জন যুবককে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে নজরদারি আরও জোরদার করার ঘোষণা দিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, মানুষের জীবন ঝুঁকিতে ফেলে এমন কোনো চক্র বা সংস্থাকে ছাড় দেওয়া হবে না।
একই সঙ্গে কোনো এজেন্সির অসততার কারণে দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।