প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী নেহা কক্করের নাম এবার জড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর প্রতারণা অভিযোগ। মুম্বাইয়ের এক আইনজীবী ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মে পাঁচ লাখ রুপি হারানোর অভিযোগ করেছেন, যেখানে প্রতারণার প্রলোভন হিসেবে ব্যবহার করা হয়েছে গায়িকার নাম ও জনপ্রিয়তা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের ওরলি থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী শবনম মুহাম্মদ হুসেন সায়েদ (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনে শবনম সামাজিক মাধ্যমে একটি তথাকথিত আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনে নেহা কক্করকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখানো হয় এবং প্ল্যাটফর্মটিকে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে প্রচার করা হয়।
বিজ্ঞাপন দেখে শবনম বিশ্বাস করেন এবং পরে টেলিগ্রাম, জুম ও ইমেইলের মাধ্যমে প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন। বিজয় ও জিমি ডিসুজা নামে দুই ব্যক্তি তাঁকে বিনিয়োগের পরামর্শ দেন এবং মোটা অঙ্কের মুনাফার প্রতিশ্রুতি দেন। জুন থেকে অক্টোবরের মধ্যে শবনম ধাপে ধাপে পাঁচ লাখ রুপিরও বেশি অর্থ পাঠান বিভিন্ন অ্যাকাউন্টে।
কিন্তু বিনিয়োগের পর কোনো রিটার্ন না পেয়ে তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। এরপরই থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খুঁজে বের করতে অনলাইন লেনদেন, কল রেকর্ড ও জুম মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।