Ridge Bangla

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে উপকারী জগডুমুর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রামীণ প্রকৃতিতে একসময় সহজলভ্য ও পরিচিত ভেষজ উদ্ভিদ জগডুমুর এখন ধীরে ধীরে বিলুপ্তির পথে। বনজঙ্গল উজাড়, বসতবাড়ি ও কৃষিজমি সম্প্রসারণ এবং সচেতনতার অভাবে এই উপকারী গাছটির অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগে খালপাড়, জলাশয়ের ধারে, বাড়ির পাশে কিংবা পরিত্যক্ত জায়গায় প্রচুর জগডুমুর গাছ দেখা যেত। এর কচি ফল সবজি হিসেবে রান্না করে খাওয়ার পাশাপাশি পাতা, ছাল ও ফল নানা রোগের প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে সেই চিত্র আর নেই।

জগডুমুরের বৈজ্ঞানিক নাম ফিকাস রেসমোসা। মোরাসেই পরিবারভুক্ত এই গাছ সাধারণত ২৫ থেকে ৩০ মিটার পর্যন্ত লম্বা হয়। গাছের কাণ্ডে থোকায় থোকায় ফল ধরে, যা বিভিন্ন পাখি ও প্রাণীর খাদ্য হিসেবেও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা জানান, জগডুমুরের রয়েছে অসংখ্য ঔষধিগুণ। এর ছাল চর্মরোগে, পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে, আর ফল হজমে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা আয়রন রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে, পাশাপাশি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত করে। এছাড়া এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে।

স্থানীয় প্রবীণরা জানান, অতীতে লোকজ চিকিৎসায় জগডুমুরের ব্যবহার ছিল ব্যাপক। তবে এখন গাছটির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সেই ঐতিহ্যও হারিয়ে যাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জগডুমুর একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ হলেও যেকোনো অংশ ওষুধ হিসেবে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। একই সঙ্গে পরিবেশ রক্ষায় এই গাছ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

This post was viewed: 3

আরো পড়ুন