খুলনার লবনচরায় প্রকাশ্য দিবালোকে রফিক গাজী ওরফে ঢাকাইয়া রফিক নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর লবনচরা মাথাভাঙ্গা ১০ নম্বর গেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় কাজীপাড়ার রতন কাজির ছেলে নিহত রফিক বটিয়াঘাটা জলমা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রফিক গাজী এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা একদল হেলমেট পরিহিত সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে উপস্থিত লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।