Skip to main content

Ridge Bangla

পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ১০২

রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ১০২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, হামলায় সরাসরি জড়িত কয়েকজনকে চিহ্নিত করে আটক করা হয়েছে। এখন আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে, পাশাপাশি অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, সোমবার রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিংয়ের একটি গ্যারেজে পুলিশ অভিযান শুরু করলে স্থানীয় কিশোর গ্যাংয়ের কিছু সদস্য পুলিশের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য আল-আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ হামলার নেতৃত্ব দেয় কুখ্যাত “কবজি কাটা” গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি। এ গ্রুপটি দীর্ঘদিন ধরে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ত্রাস সৃষ্টি করছে।

বর্তমানে কারাগারে থাকা কবজি কাটা আনোয়ারের হয়ে তার সহযোগীরা এলাকায় আধিপত্য বিস্তার করছে। তাদের বিরুদ্ধে একাধিক খুন ও হামলার অভিযোগ থাকলেও গ্রেফতারের পর দ্রুত জামিনে বের হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

প্রশাসনের দাবি, কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 43

আরো পড়ুন