Ridge Bangla

পুলিশ প্রশাসনে রদবদলে ১২ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১২ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এপিবিএন-১২ এর অধিনায়ক মো. ইকবালকে সরিয়ে এপিবিএন-৫ এর দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলে স্থলাভিষিক্ত হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির। অন্যদিকে, এপিবিএন-১৩ এর শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইতে বদলি করা হয়েছে। এছাড়া র‌্যাবের দুই পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ জেলা ও বিশেষায়িত ইউনিটেও পরিবর্তন আনা হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইতে পাঠানো হয়েছে এবং তার শূন্য পদে স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশ অধিদপ্তরের শামীমা পারভীন। বাগেরহাটের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করে সেখানে ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট হিসেবে যোগ দিচ্ছেন মকবুল হোসেন (সাতক্ষীরা থেকে বদলি)। ডিএমপির মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এপিবিএনের নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন