পুলিশের ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করেছে সরকার। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ শাখার উপমহাপরিদর্শক মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের উপমহাপরিদর্শক আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশের কমিশনার এবং বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের উপমহাপরিদর্শক এবং রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহানকে সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের উপমহাপরিদর্শক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।