বাংলাদেশ পুলিশের ২৭৩ জন সাব-ইন্সপেক্টর (এসআই) পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন কর্মকর্তা। এছাড়া, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে উন্নীত হয়েছেন ৯৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন আরও ২৮ জন কর্মকর্তা।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সারা দেশের বিভিন্ন ইউনিট, মহানগর, রেঞ্জ এবং জেলায় কর্মরত ছিলেন। তাদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের পাশাপাশি পেশাদারিত্ব ও সেবার মান উন্নয়নে অবদান রেখেছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই পদোন্নতির সিদ্ধান্ত জনস্বার্থে গৃহীত হয়েছে এবং পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নতুন পদে যথাযথ দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আইজিপি বাহারুল আলম এ উপলক্ষে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, এই পদোন্নতি তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে আরও অনুপ্রেরণা জোগাবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় পুলিশের ভূমিকা আরও শক্তিশালী হবে।