Ridge Bangla

পুলিশের ১৩ উচ্চপদস্থ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশ প্রশাসনে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। জনস্বার্থে পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার বেশ কয়েকজন পরিচিত মুখ। তালিকায় থাকা কর্মকর্তারা হলেন, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির পলাতক কমান্ড্যান্ট ডিআইজি মো. আশরাফুজ্জামান, অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম।

এছাড়াও রয়েছেন, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ সদর দপ্তরের (টিআর) ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএনের (পার্বত্য জেলা) ডিআইজি সালমা বেগম।

This post was viewed: 5

আরো পড়ুন