পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন বলেও জানিয়েছেন তিনি।
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে সম্ভাব্য পরিবর্তন কবে নাগাদ আসতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু পরিবর্তন আসবে এবং তা বাস্তবায়নে সামান্য সময় প্রয়োজন।
তিনি আরও জানান, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন আহ্বান নিয়ে ইতোমধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে। সংসদ অধিবেশন আহ্বানের ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারিত তারিখের কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে অধিবেশন আহ্বান করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত ১২ মার্চ শুরু হতে যাওয়া এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক কার্যক্রম সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশও অধিবেশনে উপস্থাপন করা হবে।