Ridge Bangla

পুনেতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎকেন্দ্রে ৯ শ্রমিক নিহত

ভারতের পশ্চিমাঞ্চলের পুনেতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী একটি কেন্দ্রে বর্জ্যের বিশাল স্তূপ ধসে পড়ে অন্তত ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। টানা ভারী বৃষ্টিপাতের পর এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত বুধবার পুনের উপকণ্ঠে অবস্থিত অ্যান্টনি ওয়েস্ট প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। পাশের একটি ল্যান্ডফিল থেকে কয়েক হাজার টন বর্জ্য ধসে প্রশাসনিক ভবনের ওপর পড়ে যায়। সে সময় ভবনের ভেতরে ২৩ জন কর্মী অবস্থান করছিলেন।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, টানা বৃষ্টির কারণে পাশের ল্যান্ডফিলের কয়েক হাজার টন বর্জ্য অস্থিতিশীল হয়ে পড়ায় ধসের ঘটনা ঘটে। এতে প্রশাসনিক ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় ৯ জন শ্রমিক নিহত হন। বাকি ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কেন্দ্রটির কর্মকর্তারা জানান, টানা বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।

ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে প্রায়ই ভবন ও নির্মাণসংক্রান্ত দুর্ঘটনা ঘটে। দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের কারণে পুরোনো ও জরাজীর্ণ স্থাপনা ধসে পড়ার ঘটনাও প্রায়ই দেখা যায়।

কাঠামোগত নিরাপত্তা ও স্থাপনার অবস্থা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।

আবহাওয়া পূর্বাভাসকারীরা জানিয়েছেন, চলতি বছরে সম্ভাব্য শক্তিশালী এল নিনোর প্রভাব দেশটির স্বাভাবিক আবহাওয়ার ধরনেও পরিবর্তন আনতে পারে।

This post was viewed: 3

আরো পড়ুন