Ridge Bangla

পুত্রবধূকে গোমূত্র পান করানোসহ নির্যাতনের অভিযোগ, সাবেক এমপি ও পরিবারের বিরুদ্ধে মামলা

ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় পুত্রবধূকে জোর করে গোমূত্র পান করানো এবং কুসংস্কারমূলক আচার পালনের অভিযোগে সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগকারী গিরিজা রাউত দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে বিনায়ক রাউত, তাঁর স্ত্রী এবং কাউন্সিলর ছেলে গীতেশ রাউতের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। একই মামলায় ফিরোজ ও কাজি নামে কথিত দুই তান্ত্রিকের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গিরিজা রাউতের অভিযোগ, শ্বশুরবাড়ির সদস্যরা তাকে জোর করে গোমূত্র পান করিয়েছেন এবং কুসংস্কারমূলক আচার পালনের জন্য তার মাথা থেকে চুল ছিঁড়ে নিয়েছেন। তিনি আরও দাবি করেন, তাকে নিয়মিত মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং অনেক সময় না খাইয়েও রাখা হয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সাত বছর ধরে সামাজিক, মানসিক এবং আবেগগত নির্যাতনের শিকার হয়েছি। তাঁরা রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি পরিবারের সদস্য। তাই এর আগে অভিযোগ দায়ের করার সাহস পাইনি।’

গিরিজা রাউতের দাবি, তার স্বামীর কথিত বন্ধ্যাত্বজনিত সমস্যার কারণে তাকে বারবার তান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হতো। পরিবারের প্রধান হওয়া সত্ত্বেও বিনায়ক রাউত কখনো তার পক্ষে অবস্থান নেননি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, উটিতে হানিমুনে যাওয়ার পর তার স্বামী তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের সুযোগ দেননি। তিনি যখনই স্বামীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন, তখনই তাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। তার ভাষ্য, স্বামী তাকে বলেছিলেন, ভারতের ভেতরে নয়, কেবল বিদেশের কোনো স্থানে গেলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতে পারে।

গিরিজা রাউতের অভিযোগ, উটি থেকে ফিরে পৈতৃক গ্রাম তালগাঁওয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে তার স্বামী প্রকাশ্যে তাকে অপমান করেন। ধীরে হাঁটার কারণে সবার সামনে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তিনি দাবি করেন, এ ধরনের ঝগড়া ছিল প্রায় প্রতিদিনের ঘটনা এবং তার স্বামী সময়, স্থান বা আশপাশের মানুষ বিবেচনা না করেই তর্ক-বিতর্ক চালিয়ে যেতেন। মুম্বাইয়ের বাসায় এসব ঘটনার বিষয়ে তার শাশুড়িও অবগত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময়ও তার স্বামী তাকে এড়িয়ে চলেন। এ বিষয়ে কথা বলতে চাইলে তাকে মারধর করা হয় এবং বলা হয়, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে তার স্বামীর মৃত্যু হবে।

গিরিজা রাউতের অভিযোগ শুধু স্বামীর বিরুদ্ধে নয়, শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধেও। তিনি দাবি করেছেন, তারা তাকে মানসিকভাবে নির্যাতন করেছেন, অশালীন আচরণ করেছেন, গৃহ-নির্যাতন চালিয়েছেন এবং একাধিকবার তাকে পরিত্যাগ করেছেন।

পুলিশ জানিয়েছে, গিরিজা রাউতের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিনায়ক রাউতকে উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত তিনি বা তার পরিবারের কোনো সদস্য প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি।

This post was viewed: 6

আরো পড়ুন