ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে প্রবেশ ও নৌকা চলাচল বন্ধ থাকবে।
রোববার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি শুরু হয়। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নামে। এতে সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।
পাহাড়ি ঢলের পানিতে পর্যটন এলাকার ভাসমান দোকানপাটও ডুবে গেছে। অনেক ব্যবসায়ীর লকার, চেয়ার, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র পানির স্রোতে ক্ষতিগ্রস্ত ও ভেসে গেছে বলে জানা গেছে।
প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এবার পানির স্রোত ও গভীরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে রোববার সকাল থেকে খেয়াঘাট থেকে কোনো নৌকা সাদাপাথরের উদ্দেশে ছেড়ে যায়নি। সর্বশেষ শনিবার পর্যটকেরা সেখানে ভ্রমণ করেছিলেন।
ইউএনও মোহাম্মদ রবিন মিয়া জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারতের পাহাড়ি ঢলের কারণে সাদাপাথর এলাকায় পানির স্রোত ও গভীরতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পর্যটকদের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপাতত সব ধরনের প্রবেশ ও নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ হলে পর্যটনকেন্দ্রটি আবার খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।