Ridge Bangla

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতি, হরমুজের কাছে দুই তেলের ট্যাংকারে আগুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালির কাছে দুই তেলের ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলমান সংঘাত ঘিরে জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাজার নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই অঞ্চল থেকে কোনো রাসায়নিক সার, এমনকি এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি করতে দেওয়া হবে না।

রেভল্যুশনারি গার্ড আরও দাবি করেছে, গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা চারটি অনুপ্রবেশকারী জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে।

গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। দুই পক্ষের এই অবস্থান পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কাও জোরালো করেছে।

চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো তেলের মূল্যবৃদ্ধির কারণে নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক চাপের মুখে পড়েছেন।

এদিকে শনিবার (১৮ জুলাই) ভোরে ইরানের হরমুজগান প্রদেশে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ওই হামলায় ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। পাশাপাশি দুটি সেতু ও একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সাবেক শীর্ষ কমান্ডার মোহসেন রেজাই সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি আরও কয়েক দিন হামলা চালিয়ে যায়, তাহলে ইরান পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযান শুরু করবে।

This post was viewed: 2

আরো পড়ুন