Skip to main content

Ridge Bangla

পারিবারিক বিরোধের জেরে ছেলে পালিয়ে বিয়ে করায় প্রাণ গেল মায়ের

ব্রাহ্মণবাড়িয়ায় পালিয়ে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে কনের ভাইয়ের ইটের আঘাতে বরের মা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মর্মান্তিক এই ঘটনা মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় ঘটে।

নিহত নারী দীপালি রানী দাস (৫৫)। তিনি কাঞ্চনপুর গ্রামের মৃত শয়লেন চন্দ্র দাসের স্ত্রী। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে দীপালির ছেলে সবুজ চন্দ্র দাস প্রতিবেশী সুকেশ চন্দ্র দাসের মেয়ে সুইটি রানী দাসকে পালিয়ে বিয়ে করেন। এই বিয়ে মেনে নিতে পারেনি কনের পরিবার। বিয়ের পর থেকেই তারা বরপক্ষের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তাহীনতার কারণে একপর্যায়ে সবুজের পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়।

সম্প্রতি পরিবারটি নিজ বাড়িতে ফিরে এলে পুনরায় বিরোধের সূত্রপাত হয়। মঙ্গলবার সকালে স্থানীয় বাজারে সবুজের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। দুপুরে ওই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে কনে পক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। একপর্যায়ে সবুজের শ্যালক নিলয় চন্দ্র দাস ইট দিয়ে দীপালি রানী দাসের মাথা ও মুখে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছেলের শ্বশুরবাড়ির তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

This post was viewed: 49

আরো পড়ুন