Ridge Bangla

পাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এসএআরডি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই তার নিয়োগ কার্যকর হবে।

নতুন দায়িত্ব পালনের সময় তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশেষ করে কৃষি ও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে তার গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে।

জানা যায়, ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম ১৯৯১ সালে মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৩ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণি অর্জন করেন।

পরবর্তীতে জাপান সরকারের মনবুশো বৃত্তির আওতায় ওকায়ামা বিশ্ববিদ্যালয় (Okayama University) থেকে ২০১০ সালে পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

This post was viewed: 33

আরো পড়ুন