পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, পরীক্ষার ফলাফল, মেধাতালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তনের ঘটনায় সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা বিশ্ব নেতৃত্ব দিতে সক্ষম হয়। বর্তমান সরকার সেই লক্ষ্যেই শিক্ষাব্যবস্থা সাজাচ্ছে।
তিনি আরও বলেন, সবাইকে শুধু উচ্চশিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না। এজন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।