Ridge Bangla

পাবনায় ট্রাকচাপায় স্কুলশিক্ষার্থীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

পাবনা সদরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে স্থানীয় দুজন শিক্ষার্থীকে নিয়ে একটি ভ্যান বাঙ্গাবাড়িয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ঠিক সে সময় পাবনামুখী একটি বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই ট্রাকটি ভ্যানের ওপর উঠে গেলে চালক ও দুই শিক্ষার্থী চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, “সকালে বাঁশবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আমরা ঘাতক ট্রাকটি আটক করেছি, তবে চালক পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা স্থানীয় স্কুলের শিক্ষার্থী এবং তাদের বাড়ি আশপাশের গ্রামে। দুর্ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ভিড় করছেন। দুর্ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

This post was viewed: 112

আরো পড়ুন