পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে গীতা রানী (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে, আনুমানিক রাত ৩টার দিকে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় গীতা রানী বিষয়টি টের পেলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে দুর্বৃত্তরা তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রেখে যায়। সকালে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে গিয়ে সকাল ১১টার দিকে টয়লেটের ট্যাংকির ভেতর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।