Ridge Bangla

পাবনায় গলা কাটা অবস্থায় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

পাবনার আতাইকুলা এলাকায় আওয়ামী লীগের এক নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে আব্দুস শুকুরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি আব্দুস শুকুর। রাত ১২টা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলা কাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন জানান, আব্দুস শুকুর ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। গলা কাটা মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হবে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

This post was viewed: 6

আরো পড়ুন