Skip to main content

Ridge Bangla

পাবনায় কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় ভোজ্য তেল, কস্টিক সোডা, ননবিয়ার কেমিক্যাল ও চিনি মিশিয়ে ভেজাল দুধ তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ২০০ লিটার ভেজাল দুধ ও বিপুল পরিমাণ রাসায়নিক উপকরণ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের সিংগাড়ি গ্রামে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলী (৪২) সিংগাড়ি গ্রামের মো. নুর ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুল আলীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করে প্রায় ২০০ লিটার কেমিক্যাল মিশ্রিত দুধ উদ্ধার করা হয়। একই সঙ্গে নকল দুধ তৈরিতে ব্যবহৃত কস্টিক সোডা, ভোজ্য তেল, ননবিয়ার কেমিক্যাল এবং বিপুল পরিমাণ চিনি জব্দ করা হয়।

প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে গোপনে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা আইনে আশরাফুল আলীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, “জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ভেজাল খাদ্য প্রস্তুতকারকদের বিরুদ্ধে আমাদের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। এ ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

This post was viewed: 10

আরো পড়ুন