Skip to main content

Ridge Bangla

পানির নিচে ২০ ঘণ্টা শুটিং, ‘পাগলামি’ বললেন রাশমিকা

ভারতীয় চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা ‘মাইসা’র জন্য পানির নিচে একটি বড় মারপিটের দৃশ্যের শুটিং শেষ করেছেন তিনি। নির্মাতাদের দাবি, ভারতীয় সিনেমায় নারী অভিনেতার প্রধান ভূমিকায় এটিই প্রথম পানির নিচের মারপিটের দৃশ্য।

এই ঝুঁকিপূর্ণ দৃশ্যে কোনো বিকল্প অভিনয়শিল্পী ব্যবহার করেননি রাশমিকা। পানির নিচের সব বিপজ্জনক কসরত নিজেই করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের নেপথ্যের কয়েকটি ছবি ও একটি ঝলক প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে থেকে জটিল দৃশ্যটির শুটিং শেষ করেন রাশমিকা।

নির্মাতারা লিখেছেন, রাশমিকা মান্দানার হাত ধরে ভারতের প্রথম নারীপ্রধান পানির নিচের মারপিটের দৃশ্যের কাজ শেষ হলো। উপরিভাগ কখনোই আমাদের সীমানা ছিল না। ভারতীয় সিনেমা আগে কখনো দেখেনি, গভীর পানির নিচে এমন এক যুদ্ধের সাক্ষী হতে প্রস্তুত হোন।

কঠিন এই শুটিংয়ের অভিজ্ঞতা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরিতে তুলে ধরেছেন রাশমিকা। নিজের অভিনয়জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হিসেবে দৃশ্যটির কথা উল্লেখ করেছেন তিনি।

রাশমিকা লেখেন, আমি জানি বেশ কিছুদিন ধরে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না, কারণ আমরা এই কাজটি নিয়েই ব্যস্ত ছিলাম। এটি আমার জীবনে করা এখন পর্যন্ত সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। আমরা হয়তো একটু পাগলামি করেছি, কিন্তু এটাই আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে।

রাবিন্দ্র পুলের পরিচালনায় ‘মাইসা’ প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস। উপজাতীয় অঞ্চলের পটভূমিতে নির্মিত সিনেমাটিকে আবেগঘন মারপিটনির্ভর রোমাঞ্চকর চলচ্চিত্র হিসেবে বর্ণনা করা হচ্ছে।

‘মাইসা’ রাশমিকা মান্দানার অভিনয়জীবনের প্রথম নারীপ্রধান সর্বভারতীয় মারপিটনির্ভর সিনেমা। চলতি বছরের শেষ নাগাদ এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

This post was viewed: 30

আরো পড়ুন