Ridge Bangla

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ৮৬৪ ও ৮৬৫ নম্বর পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা পেরিয়ে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করলে ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে সবুজ ঘটনাস্থলেই মারা যায়। সঙ্গে সঙ্গেই বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দাবি করেন, সীমান্তে প্রায়ই এ ধরনের গুলিবর্ষণের ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। তারা বাংলাদেশ সরকার ও বিজিবিকে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন। তিনি জানান, সকালে সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং মরদেহ ফেরতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিজিবি বলছে, সীমান্তে প্রাণহানির ঘটনা বন্ধে কূটনৈতিক ও যৌথ পর্যায়ে নিয়মিতভাবে বিএসএফকে সতর্ক করা হচ্ছে।

This post was viewed: 33

আরো পড়ুন