পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে সংলাপ আয়োজনের সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, “ইসলামী প্রজাতন্ত্র ইরান দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।”
এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেয় পাকিস্তান। সীমান্ত সংঘর্ষের জেরে রাজধানী কাবুলে বিমান হামলার পর এমন ঘোষণা আসে ইসলামাবাদ থেকে। কাবুল ও কান্দাহারে অবস্থানরত বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা ভোর পর্যন্ত বিস্ফোরণ ও যুদ্ধবিমান ওড়ার শব্দ শোনার কথা জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানি সীমান্তরক্ষীদের ওপর হামলা চালালে পাকিস্তান ‘গজব-লিল হক’ নামে অভিযান শুরু করে। আফগান পক্ষের দাবি, পাকিস্তানের আগের আক্রমণের জবাব দিতেই তারা সীমান্তে হামলা চালিয়েছিল। দুই দেশের পাল্টাপাল্টি অভিযানে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।