Skip to main content

Ridge Bangla

পাকিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ৩২ জনের মৃত্যু

চলতি সপ্তাহে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। এদের মধ্যে ১৬ জনই শিশু। শনিবার (২৮ জুন) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ৩৬ ঘণ্টায় বন্যা ও ছাদ ধসের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে আটজন শিশু রয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সেখানে অন্তত ৫৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ছয়টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে, বুধবার থেকে পূর্ব পাঞ্জাব প্রদেশেও ভারী বর্ষণের কারণে দেয়াল ও ছাদ ধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এখানেও প্রাণ হারানোদের মধ্যে শিশু সংখ্যাই বেশি—আটজন।

পাকিস্তানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকবে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল ও নিম্নভূমিতে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মাসেও পাকিস্তানে একাধিক ঝড় ও শিলাবৃষ্টির ঘটনায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছিল। বসন্তকালেও দেশটিতে বেশ কয়েকটি চরম আবহাওয়ার ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাকিস্তান বর্তমানে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হয়ে উঠেছে। ২৪ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটিতে চরম আবহাওয়ার ঘটনা দিন দিন বেড়ে চলেছে, যার ফলে মানুষের জীবন ও সম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

This post was viewed: 200

আরো পড়ুন