Skip to main content

Ridge Bangla

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল, ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে বিশ্ব নজর

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি বৈঠক। বহুল আলোচিত এই আলোচনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, একটি মার্কিন সরকারি বিমান ইতোমধ্যে ইসলামাবাদে অবতরণ করেছে। এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, জারেড কুশনার এবং সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপারসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা রয়েছেন, যারা এই আলোচনায় অংশ নেবেন।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ছয় সপ্তাহ ধরে চলমান উত্তেজনা ও সহিংসতা বন্ধে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে চায় দুই দেশ। মধ্যপ্রাচ্যজুড়ে এই সংঘাতে ইতোমধ্যে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে গেছে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের বিরাট অংশ, যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।

বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আগে যেখানে সাংবাদিকদের সীমিত প্রবেশাধিকার ছিল, এখন তা আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

দেশি-বিদেশি সংবাদকর্মীদের জন্য পাকিস্তান সরকার জিন্নাহ কনভেনশন সেন্টার নির্ধারণ করেছে। সেখান থেকেই সাংবাদিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে গতকাল রাতেই ইরানের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে তাদের পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

এর আগে শনিবার সকাল ৮টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও মার্কিন প্রতিনিধিরা দেরিতে পৌঁছানোয় আজ বিকেলে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে উভয় দেশের প্রতিনিধিরা আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন।

This post was viewed: 49

আরো পড়ুন