পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে ভয়াবহ গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার রাতে বান্নু শহরের উপকণ্ঠে একটি পুলিশ ফাঁড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিস্ফোরণের পর বন্দুকধারীরা অতর্কিত গুলিবর্ষণও করে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি ফাঁড়ির সামনে আঘাত করলে ভবনের ছাদ ধসে পড়ে। এতে সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা হতাহত হন।
ঘটনার পরপরই জঙ্গিরা ফাঁড়ির ভেতরে প্রবেশ করে বেঁচে থাকা পুলিশ সদস্যদের ওপর গুলি চালায় বলে জানিয়েছেন স্থানীয় আরেক কর্মকর্তা। পরে উদ্ধার অভিযানে আসা বাহিনীর সদস্যদের ওপরও হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের বান্নুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, “ইত্তেহাদ-উল-মুজাহিদীন” নামের একটি জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।