পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবোঝাই যান দিয়ে চালানো আত্মঘাতী হামলায় ১২ সেনা সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। একই ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১২ সন্ত্রাসী নিহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালাবান পাকিস্তান। এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, এ হামলায় ৪ জন আত্মঘাতী বোমারু অংশ নিয়েছিল।
২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারকে উৎখাত করে নিজেদের কঠোর ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দেশটির রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে তেহরিক-ই-তালাবান পাকিস্তান।
ইসলামাবাদের অভিযোগ, সংগঠনটির সদস্যরা আফগানিস্তানের নিরাপদ আশ্রয়ে অবস্থান করে পাকিস্তানে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ নিয়ে থাকে।
তবে আফগানিস্তানের তালেবান সরকার বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, আফগান সীমান্তবর্তী এলাকায় সংঘটিত সন্ত্রাসী হামলাগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।