Ridge Bangla

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় পরপর দুটি বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার মেরকা বেরা এলাকায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি।

পুলিশের তথ্যের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে সড়কের পাশে রাখা বিস্ফোরক থেকে। হাতি খেল গ্রাম থেকে বান্নুর দিকে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যানকে লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভ্যানে থাকা ৫ যাত্রী নিহত হন।

এর কিছুক্ষণ পর একই জায়গায় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এ সময় উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া ২ জন প্রাণ হারান। বিস্ফোরণে একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং আরও ৩ জন আহত হন।

নিহতদের মরদেহ ও আহত ব্যক্তিদের বান্নুর খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। হামলার সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে চলতি বছরের এপ্রিলে বান্নুতে এক আত্মঘাতী হামলায় তিন নারী ও এক শিশুসহ অন্তত ৫ জন নিহত হন।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র হামলা এবং বিস্ফোরণের ঘটনা বেড়েছে। ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে এসব এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।

This post was viewed: 1

আরো পড়ুন