চীনের শানসি প্রদেশের তাইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তানের একটি উচ্চক্ষমতাসম্পন্ন রিমোট সেন্সিং ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। শনিবার রাত স্থানীয় সময় ৮টা ১৫ মিনিটে লং মার্চ-৬ রকেটের মাধ্যমে ‘পিআরএসসি-ইও৩’ নামের এই উপগ্রহ মহাকাশে পাঠানো হয় এবং পরে এটি নির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে জানা গেছে, এটি লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, উপগ্রহটি তাদের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট, যা দেশটির মহাকাশ সক্ষমতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এই স্যাটেলাইটের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণসহ বিভিন্ন কাজে সহায়তা পাওয়া যাবে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলছে, এই উদ্যোগ দেশের দূর অনুধাবন সক্ষমতা বাড়াবে এবং উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি একে ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।