ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বিশেষ আকাশ অভিবাদনের মাধ্যমে স্বাগত জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। মঙ্গলবার (২৪ জুন) তার বহনকারী বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পরপরই বিমান বাহিনীর একটি বিশেষ এসকর্ট স্কোয়াড্রন তাকে অভ্যর্থনা জানায়।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে ৬টি জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমানের সমন্বয়ে একটি বিশেষ ফরমেশন অংশ নেয়। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার পর সরাসরি পাকিস্তান সফরে যান পেজেশকিয়ান।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর এটিই পেজেশকিয়ানের প্রথম বিদেশ সফর। পরে প্রেসিডেন্টবাহী বিমান পাকিস্তানে অবতরণের পর তাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাকিস্তান বিমান বাহিনীর এই ঐতিহ্যবাহী আকাশ প্রহরা সফররত বিদেশি রাষ্ট্রপ্রধানদের প্রতি দেশটির দীর্ঘদিনের আতিথেয়তা ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বিবেচিত হয়। জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমানের অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক অভিযানিক সক্ষমতা ও পেশাদারিত্বও তুলে ধরা হয়েছে।