রাজধানীর যাত্রাবাড়ীতে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার ভোরে কাজলা এলাকায় রক্তক্ষয়ী এই ঘটনায় দিয়া আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ সময় তার মা সহ আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদার আবু মুসা পাওনা টাকা আদায়ের জন্য ভোরে নবীউল্লাহর বাড়িতে যান। সেখানে বাগবিতণ্ডার একপর্যায়ে নবীউল্লাহ প্রথমে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। এর প্রতিক্রিয়ায় আবু মুসা ধারালো অস্ত্র দিয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারের ওপর হামলা চালালে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
এসময় এগিয়ে এলে নবীউল্লাহর বড় মেয়ে শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়া আক্তারকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করা হয়। এছাড়া পরিবারের অন্য দুই সন্তান জয়া ও মুয়াজও হামলায় জখম হন। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত আবু মুসা নিজেও আহত হয়ে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।