Ridge Bangla

পাইলটের উড্ডয়ন ত্রুটিতেই মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, তদন্ত কমিটির প্রধান সুপারিশ হলো ভবিষ্যতে বিমান বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম রাজধানীর বাইরে সরিয়ে নেওয়া, যাতে ঘনবসতিপূর্ণ এলাকায় এমন দুর্ঘটনা পুনরায় না ঘটে।

তদন্তে জানা গেছে, গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, তিনজন অভিভাবক ও একজন কর্মচারী। দুর্ঘটনার পর ২৯ জুলাই গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণ চলাকালে পাইলট উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, ফলে বিমানটি সরাসরি স্কুল ভবনে আঘাত হানে। কমিটি ১৫০ জন প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞের সাক্ষ্য নিয়ে ১৬৮টি তথ্য ও ৩৩টি সুপারিশ উপস্থাপন করেছে।

শফিকুল আলম আরও জানান, ভবনটি রাজউকের অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছিল এবং বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি)-এর নিয়ম মানা হয়নি। ভবনে মাত্র একটি সিঁড়ি ছিল, যেখানে কমপক্ষে তিনটি থাকা দরকার ছিল।

This post was viewed: 33

আরো পড়ুন