Ridge Bangla

পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব: প্রধানমন্ত্রীর কার্যালয়

সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন বলেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। তাঁর দাবি, দায়িত্ব গ্রহণের ১৫০ দিনের মধ্যেই সরকার জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতের সঙ্গে প্রত্যর্পণ ইস্যুতে কাজ চলছে। একই সঙ্গে শেখ হাসিনা ও তাঁর পরিবারের প্রায় ৭৬ হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে এবং পাচার হওয়া অর্থ ফেরাতে ইতোমধ্যে ১০টি দেশের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য খাতের বিষয়ে মুখপাত্র বলেন, দীর্ঘদিনের জনবল সংকট দূর করতে শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলছে। পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য সারা দেশে ২০০০টি আধুনিক মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ড. মাহদী আমিন আরও বলেন, ব্যাংকগুলোর মূলধন ঘাটতি কমাতে ৪০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। তাঁর ভাষায়, গত পাঁচ মাসে অভ্যন্তরীণ সংস্কার, জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং বিনিয়োগের ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি জানান, চট্টগ্রামে বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। টিকা, অনুদান, ত্রাণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার জবাবদিহি, স্বচ্ছতা, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে চায়। একই সঙ্গে জুলাইয়ের শহীদ ও আহতদের ঘটনার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিচার বিভাগ দণ্ডপ্রাপ্ত আসামিদের বিচার নিশিত করবে।’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্নের জবাবেও তিনি বলেন, ‘বিচার বিভাগ দণ্ডপ্রাপ্ত আসামিদের বিচার নিশিত করবে।’

মাহদী আমিন আরও বলেন, কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে।

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে তৃতীয় পক্ষ স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। তবে আন্দোলনে অংশ নেওয়া ভুয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করা হবে।

This post was viewed: 6

আরো পড়ুন