Skip to main content

Ridge Bangla

পশ্চিম তীরে ৭ মাসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ১ হাজার ৩৩০ হামলার তথ্য জাতিসংঘের

অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরের প্রথম ৭ মাসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সম্পৃক্ত অন্তত ১ হাজার ৩৩০টি সহিংস ঘটনার তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা।

সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে অন্তত ১ হাজার ৩৩০টি সহিংস ঘটনার রেকর্ড সংরক্ষণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহ থেকে চলমান সহিংসতায় এক শিশুসহ অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন।

ওসিএইচএ জানিয়েছে, সহিংসতার কারণে অন্তত ১০টি ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের বাড়িঘর, মসজিদ, গাছপালা এবং কৃষি অবকাঠামোতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের কঠোর চলাচল নিষেধাজ্ঞার কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা গ্রহণ এবং জীবিকা নির্বাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অধিকৃত অঞ্চলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছে।

This post was viewed: 3

আরো পড়ুন