অধিকৃত পশ্চিম তীরে গত ২ দিনে ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী বলে দাবি করেছে ফিলিস্তিনি বন্দিদের অধিকারবিষয়ক সংগঠন সামিদুন।
সংগঠনটির দাবি, এক ফিলিস্তিনি পরিবারের জমিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় ৪ ফিলিস্তিনি ও ২ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর শুরু হওয়া ব্যাপক অভিযানের অংশ হিসেবেই এসব আটক করা হয়েছে।
সামিদুনের তথ্য অনুযায়ী, নাবলুস, তুলকারেম ও হেবরন এলাকায় সবচেয়ে বেশি অভিযান চালানো হয়। অভিযানের সময় ইসরায়েলি সেনারা বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায়, সম্পত্তি ভাঙচুর করে এবং মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিদের মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
সংগঠনটি আরও দাবি করেছে, কয়েকটি অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তায় সশস্ত্র বসতি স্থাপনকারীরাও অংশ নেন।
সামিদুনের ভাষ্য, এসব অভিযান ফিলিস্তিনিদের বিরুদ্ধে “সমষ্টিগত শাস্তি ও প্রতিশোধমূলক নীতি” বাস্তবায়নের অংশ।
পরিস্থিতিতে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ লক্ষ্যে জাতিসংঘ, আন্তর্জাতিক রেড ক্রস এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার হস্তক্ষেপও কামনা করেছে তারা।