Skip to main content

Ridge Bangla

পশ্চিম তীরের আল-রাহমা মসজিদে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরের আল-রাহমা মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। একই সময়ে পশ্চিম তীরজুড়ে অভিযান চালিয়ে অন্তত ৮০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুসরা শহরের আল-রাহমা মসজিদে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার দাবি করেছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরাই মসজিদটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

সাম্প্রতিক এক হামলায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হওয়ার পর পশ্চিম তীরজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ওয়াফার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৮০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

বার্তা সংস্থাটির তথ্যমতে, নাবলুসের তাল গ্রাম থেকে ৩০ জন, রামাল্লা থেকে ১৪ জন, জেনিন থেকে ৫ জন, হেবরন থেকে ৮ জন, বেথলেহেম থেকে ৩ জন এবং তুলকারেম থেকে ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকেও আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়াফা আরও জানিয়েছে, জেনিন শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানের আওতায় রয়েছে জাবাবদেহ, ফাক্কুয়া, ইয়াবাদ, বুরকিন, জালবুন, কাবাতিয়া, জালকামুস, সিলাত আল-হারিথিয়া, আল-ইয়ামুন, কাফর দান, দেইর আবু দাইফ, জুবুবাসহ জেনিন গভর্নরেটের একাধিক শহর ও গ্রাম।

অন্যদিকে, ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, পশ্চিম তীরের প্রধান সড়ক এবং বিভিন্ন শহর ও গ্রামের প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তা তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে। পাশাপাশি যান চলাচলেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

This post was viewed: 12

আরো পড়ুন