Skip to main content

Ridge Bangla

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া ২৭ লাখের প্রায় ৭০ শতাংশ মুসলিম

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে যাচাইয়ের জন্য চিহ্নিত হওয়া ২৭ লাখের বেশি ভোটারের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম ছিলেন বলে জানিয়েছে কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাবার ইনস্টিটিউট।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, যাচাইয়ের আওতায় আসা ভোটারদের মধ্যে ৫১ শতাংশ ছিলেন নারী।

সাবার ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের সময় বিভিন্ন কথিত যৌক্তিক অসঙ্গতির ভিত্তিতে এসব ভোটারকে যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়।

প্রতিষ্ঠানটির ব্যাখ্যায় বলা হয়েছে, ‘যৌক্তিক অসঙ্গতি’ হিসেবে বাবা-মায়ের নামের অমিল, বাবা-মায়ের সঙ্গে বয়সের অস্বাভাবিকভাবে কম ব্যবধান এবং কোনো পরিবারের সন্তানের সংখ্যা ছয়ের বেশি হওয়ার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে প্রকাশিত পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা থেকে প্রাথমিকভাবে ৬১ লাখের বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়। পরবর্তী সময়ে সম্পূরক তালিকা প্রকাশ এবং প্রায় ৬০ লাখ ‘সন্দেহজনক ও নিষ্পত্তির অপেক্ষায় থাকা’ মামলার যাচাইয়ের মাধ্যমে সংশোধন কার্যক্রম অব্যাহত থাকে।

গত ৬ এপ্রিল পর্যন্ত ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লাখ নাম বাদ দেওয়া হয়। সংশোধন কার্যক্রম শুরুর আগে রাজ্যের মোট ভোটারের প্রায় ১১ দশমিক ৯ শতাংশের সমান এই সংখ্যা।

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা–সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালগুলোর কাছে প্রায় ৩৪ লাখ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এর মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের করা আপিলের সংখ্যা ছিল প্রায় ২৭ লাখ।

এসআইআর কার্যক্রমের আওতায় গঠিত ট্রাইব্যুনালগুলো পরবর্তী সময়ে ১ হাজার ৬০৭ জনের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়।

This post was viewed: 18

আরো পড়ুন