ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পশু জবাই নিয়ে নতুন বিধিনিষেধ জারি করেছে নবগঠিত বিজেপি সরকার। বুধবার (১৩ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা নতুন নির্দেশনায় প্রকাশ্যে গরুসহ সব ধরনের গবাদিপশু জবাই নিষিদ্ধ করা হয়েছে।
রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের স্বাক্ষর করা যৌথ ফিটনেস সনদ ছাড়া কোনো গরু, ষাঁড়, মহিষ বা এ জাতীয় পশু জবাই করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে ১ হাজার রুপি জরিমানা ও সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া উভয় দণ্ডেও দণ্ডিত করা হতে পারে সংশ্লিষ্টদের।
নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে, জবাইয়ের অনুমতি পেতে পশুর বয়স কমপক্ষে ১৪ বছর হওয়ার পাশাপাশি সেটি কর্মক্ষম বা প্রজননের অনুপযোগী হতে হবে। গুরুতর অসুস্থতা, অক্ষমতা বা স্থায়ী আঘাতের ক্ষেত্রেও বিশেষ বিবেচনায় অনুমতি দেওয়া হতে পারে।
এছাড়া, পশু জবাই শুধুমাত্র অনুমোদিত কসাইখানা বা প্রশাসন নির্ধারিত স্থানে করা যাবে। জনসমাগমপূর্ণ এলাকা কিংবা খোলা স্থানে জবাই করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
নিয়ম বাস্তবায়নে পৌরসভা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের তদারকির ক্ষমতা দেওয়া হয়েছে। পরিদর্শন কাজে বাধা দিলে সেটিও আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর নেওয়া এই সিদ্ধান্ত দলটির কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই পদক্ষেপ পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব ফেলবে।