Skip to main content

Ridge Bangla

পশ্চিমতীরে রাতভর অভিযান, ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটকের দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে রাতভর ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের নামে আরও কয়েকশ মানুষকে হেনস্তা করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে পশ্চিমতীরের ‘তেল’ গ্রামে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত হন। ওই ঘটনার সময় এক ফিলিস্তিনি অস্ত্র ছিনিয়ে নিয়ে ২ ইসরায়েলিকে হত্যা করেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আটক হওয়া ৭০ জনের বেশি ব্যক্তি আগে থেকেই ওয়ান্টেড ছিলেন এবং হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল।

সেনাবাহিনী আরও জানায়, ‘তেল’ গ্রামে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে সেখানে ৮০ জনের বেশি ফিলিস্তিনিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে ওই গ্রামেই ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে।

অন্যদিকে জেনিন এলাকায় ৩০০টিরও বেশি স্থানে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। সেখান থেকেও একাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর দাবি, আটক ব্যক্তিরা বিস্ফোরক ব্যবহার করে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এ দাবির পক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

This post was viewed: 12

আরো পড়ুন