রাজধানীর পল্লবী এলাকায় নিজ বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পল্লবী থানার সেকশন-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাসায় একাই বসবাস করছিলেন সেলিনা আফরোজ। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। তিনিও একসময় সেখানে ছিলেন। তবে পারিবারিক বিরোধের কারণে প্রায় ১২ বছর আগে দেশে ফিরে পৈতৃক ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন।