Ridge Bangla

পল্লবীতে শিশুকে গলাকেটে হত্যা, দম্পতি গ্রেফতার

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী সম্পাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।

নিহত শিশুর নাম রামিসা আক্তার। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সকালে পল্লবী থানাধীন একটি বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যার পর শিশুটির মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরিবারের সদস্যরা সকালে রামিসাকে খুঁজে না পেয়ে ভবনের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটের সামনে শিশুটির স্যান্ডেল দেখতে পান তারা। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের নিচে রামিসার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, হত্যার আগে শিশুটি নির্যাতনের শিকার হয়েছিল। ঘটনার পর সোহেল রানা পালিয়ে গেলেও সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তার স্ত্রী সম্পাকে আটক করা হয়।

This post was viewed: 6

আরো পড়ুন