Skip to main content

Ridge Bangla

পর্যটন ক্যাম্পে হামলায় চার শিশুসহ ১১ জন নিহতের দাবি রাশিয়ার

ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত একটি পর্যটন ক্যাম্পে রাতের হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে হামলার অভিযোগের বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

শনিবার এ তথ্য জানিয়েছে রাশিয়া। রয়টার্সের মন্তব্যের অনুরোধে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া গভর্নর ইয়েভগেনি বালিতস্কি টেলিগ্রামে জানান, আজভ সাগরের উপকূলীয় পর্যটন শহর কিরিলিওকায় অবস্থিত একটি হলিডে ক্যাম্পে হামলায় চার শিশুসহ ১১ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন।

তিনি বলেন, “শত্রু দেখেছে আর বুঝেছে কাকে তারা লক্ষ্যস্থল করছে।”

এদিকে ইউক্রেন শনিবার দাবি করেছে, তাদের ড্রোন রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি তেল শোধনাগার এবং কাস্পিয়ান সাগরে অবস্থিত একটি তেল প্ল্যাটফর্মে আঘাত হেনেছে। একই সঙ্গে উভয় দেশই একে অপরের সামরিক রসদ বহনকারী জাহাজে হামলা চালানোর দাবি করেছে।

ইউক্রেনের দাবি অনুযায়ী, যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, সেগুলো রাশিয়ার সীমান্ত থেকে যথাক্রমে প্রায় ২০০০ কিলোমিটার এবং ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। বিশ্লেষকদের মতে, এটি ইউক্রেনের ড্রোনের পাল্লা উল্লেখযোগ্যভাবে বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এ ধরনের দীর্ঘপাল্লার হামলা রাশিয়ার যুদ্ধ সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং ক্রেমলিনের ওপর শান্তি প্রতিষ্ঠার চাপও বাড়াতে পারে।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, তারা রাশিয়ার লুকোয়েল কোম্পানির ফিলানভস্কি তেল প্ল্যাটফর্মে হামলা চালিয়েছে। কাস্পিয়ান সাগরে অবস্থিত এ স্থাপনাটি রাশিয়ার অন্যতম বৃহৎ তেলক্ষেত্রের অংশ।

তবে এ দাবির বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে লুকোয়েল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অন্যদিকে সাইবেরিয়ার তুমেয়েন অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, একটি ড্রোন ওই অঞ্চলের একটি তেল শোধনাগারে আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে শোধনাগারের কার্যক্রম ব্যাহত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

This post was viewed: 2

আরো পড়ুন