জনপ্রিয় গায়ক ইমরান ফের আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে। শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পরীমনির সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “‘তুই কি আমার হবি রে’ গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে প্রিয় গান। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমনি, গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল।”
ইমরানের এমন পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা পোস্টে ভালোবাসা ও স্মৃতিচারণায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। ছবিগুলো ছিল ‘বিশ্বসুন্দরী’ সিনেমার সেই জনপ্রিয় গানের শুটিংয়ের সময়কার, যা এখনো ইউটিউবে দারুণ জনপ্রিয়। গায়ক জানিয়েছেন, গানটির ভিউ ইতোমধ্যে ১২৬ মিলিয়ন ছাড়িয়েছে।
‘বিশ্বসুন্দরী’ ছবির এ গানটি গেয়েছিলেন ইমরান মাহমুদুল ও কনা। গানটির সুর, কথা ও সংগীতায়োজনের পাশাপাশি ভিডিওতে পরীমনি ও সিয়াম আহমেদের রোমান্টিক রসায়ন দর্শকের মন জয় করেছিল।